খড়্গপুর আইআইটিতে আবারও এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একের পর এক ছাত্রমৃত্যুর ঘটনা ঘটে চললেও কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা বা তৎপরতা নিয়ে আবারও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাস চত্বরের নালন্দা কমপ্লেক্সের নিচ থেকে অঙ্কিত শর্মা (২০) নামে এক ছাত্রের দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি মূলত রাজস্থানের বাসিন্দা এবং ক্যাম্পাস চত্বরের গোখলে হলে থাকতেন। বৃহস্পতিবার নালন্দা কমপ্লেক্সে পড়তে গিয়েছিলেন অঙ্কিত। দুপুর ৩টে নাগাদ কমপ্লেক্সের সামনে তাঁকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যাম্পাস সংলগ্ন ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। চারতলা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে এই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ বা আত্মহত্যা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারও। তিনি জানান, এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ঠিক কী হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় আইআইটি কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।