তিন দিনের সফরে উত্তরবঙ্গ এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ( শনিবার) রয়েছে তাঁর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির পাঁচতারা হোটেলে বৈঠক হবে। প্রথম বৈঠকে মূল আলোচ্য শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা। সীমান্ত নজরদারি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় এবং নতুন ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি বিএসএফ, এসএসবির উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন।
দ্বিতীয় বৈঠক হবে পাহাড় সমস্যার চিরস্থায়ী সমাধান। জিটিএ নিয়ে আলোচনা হবে। প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে। পাহাড়ের স্থায়ী সমাধানের যে আশ্বাস বিজেপি প্রার্থীরা দিয়েছিলেন, অমিত শাহের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে তাকে ঘিরেই নতুন করে জল্পনা তুঙ্গে। এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিমল গুরুংদের বৈঠক হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু আজ(শনিবার) উত্তরবঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরবেন। কলকাতায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের সঙ্গে শিপিং কর্পোরেশনের কার্যালয়ে একটি কর্মসূচিতে যোগ দেবেন।গার্ডেনরিচ শিপিং কর্পোরেশনের কার্যালয়ে আসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও আমন্ত্রণ রয়েছে।
















