আন্তর্জাতিক কূটনীতির হেভিওয়েটদের সমাবেশে এবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসছে ব্রিকস লিডারস সামিট (BRICS Leaders' Summit)। সেই সম্মেলনের নৈশভোজে আমন্ত্রিত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping), রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ একাধিক রাষ্ট্রনেতার উপস্থিতিতে বিরল আন্তর্জাতিক মঞ্চের সাক্ষী হতে চলেছে বাংলা।

ব্রিকসের মঞ্চে একাধিক গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতৃত্ব একত্রিত হতে চলেছে। সম্মেলনে যোগ দেওয়ার কথা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর। এর মধ্যে শি জিনপিংয়ের উপস্থিতি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সাত বছর পর ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর তাঁর এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

ব্রিকসের মূল আলোচনার পাশাপাশি দিল্লির এই আয়োজনের নৈশভোজও এবার বিশেষ নজর কাড়তে চলেছে। সেখানে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকাতেই রয়েছেন শুভেন্দু অধিকারী। সংসদ ভবন থেকে কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের একসঙ্গে বাসে করে ভারত মণ্ডপমে নিয়ে যাওয়া হবে। ফলে একই আয়োজনে দেশের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্রনেতার উপস্থিতির সাক্ষী হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।