স্বাস্থ্য দফতরকে (Health Department, WB Govt) সম্পূর্ণ অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্কে অভিযান সরকারি আধিকারিকদের। জানা গিয়েছে কলকাতা, হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান রানিগঞ্জ, রায়গঞ্জে হানা দিয়েছেন SBTC প্রতিনিধিরা। সম্পূর্ণ নিয়মবিরুদ্ধভাবে গত ৬ মাসে মহারাষ্ট্র, গুজরাট-সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক বহুজাতিক সংস্থাকে রক্ত বিক্রি করার অভিযোগের তদন্তে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।।

এদিন সকাল সকাল বেলেঘাটার ওম ব্লাড ব্যাঙ্কে পৌঁছে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। কীভাবে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা হতো এবং প্লাজমা আলাদা করা হতো সেই সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে আটক করার খবর মেলেনি। কলকাতা শহরের একাধিক ঠিকানার পাশাপাশি জেলায় জেলায় একই ছবি। সূত্রের খবর, যেখানে যেখানে অভিযান চালানো হচ্ছে সেই সমস্ত ব্লাড ব্যাঙ্ক থেকে চড়া দামে ভিন রাজ্যে বিপুল পরিমাণ রক্ত বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্ত ব্লাড ব্যাঙ্কগুলির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।