রক্তদান শিবিরের নামে যেভাবে কালোবাজারি চলছে, রাজ্যের হাসপাতালগুলির সংকটকালীন পরিস্থিতি সত্ত্বেও ভিন রাজ্যে চড়া দামে রক্ত বিক্রি করে দেওয়া হচ্ছে এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের মধ্যে স্বাস্থ্য ভবন(Swasthya Bhawan)। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট জানিয়ে জানিয়েছে, অভিযুক্ত ব্লাড ব্যাঙ্কগুলিকে তদন্তে সহযোগিতা করতে হবে। এবার রাজ্যের মোট ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে মুচলেকা দেওয়ার জন্য তলব করল স্বাস্থ্যভবন। আগামী দুদিন দু-দফায় তাদের ডাকা হয়েছে। পাশাপাশি রক্ত নিয়ে অনিয়ম ও কালোবাজারি রুখতে একগুচ্ছ নির্দেশও জারি করা হয়েছে।

স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, 

  • • ব্লাড ব্যাঙ্কে রক্ত বা প্লাজমা থাকলে কোনও অবস্থাতেই রোগী ফেরানো যাবে না। 
  • • কোনও বিশেষ গ্রুপ বা উপাদান ঘাটতি থাকলে, সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্ককে নিজের উদ্যোগে নিকটবর্তী অন্য কোনও কেন্দ্র থেকে সেই রক্ত সংগ্রহ করতে হবে। 
  • • থ্যালাসেমিয়া রোগীদের পরিষেবা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া বাধ্যতামূলক।
  • • রক্ত নিতে আসা অসহায় রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে হাসপাতাল কর্মীদের যেকোনও ধরনের দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না।
  • • রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে অগ্নি নিরাপত্তা সুনিশ্চিত করতে বাধ্যতামূলক ফায়ার অডিটে জোর দিতে হবে।