শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ-গোবিন্দপুর স্টেশনের মাঝে রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মর্মান্তিক এই ঘটনা মানুষের ভুলে হয়েছে, বাঁকুড়ায় শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি বলেন, 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা পুরোপুরি ক্ষমার অযোগ্য। পুলিশ ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেফতার করেছে। প্রাথমিক ভাবে তিনিই দোষী। নেশাগ্রস্ত ছিলেন কিনা টা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।' ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার প্রসঙ্গে আহত পুলকার চালক জানিয়েছেন, ট্রেন যাওয়ার পর লেভেল ক্রসিং খুলে দেওয়া হয়েছিল।সেই সময় স্কুলগাড়িটি রেললাইন পার হতে গেলে উল্টোদিক থেকে দ্রুতগতিতে আরেকটি ট্রেন এসে ধাক্কা মারে। শেষ পাওয়া খবর অনুসারে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। মৃতদের মধ্যে ৪ জনই স্কুলপড়ুয়া। গাফিলতি মেনে মৃতদের পরিবার পেয়েছো দশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়টি নজরে রাখছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের তরফ থেকে যা যা করণীয় সবই করা হবে। এখন দোষারোপের সময় নয়। ফুলের মত নিষ্পাপ শিশুরা মারা গেছে। এই ঘটনা গোটা রাজ্যের কাছেই অত্যন্ত দুঃখজনক।ঘটনার পরই রাজ্য পুলিশ দ্রুত পদক্ষেপ করে দায়িত্বে থাকা রেল গেটম্যানকে গ্রেফতার করেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যাঁদের গাফিলতি বা দায় প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।