সদ্যপ্রয়াত রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়ের (The late Ashish Banerjee, former State Agriculture Minister and former Deputy Speaker of the Legislative Assembly) পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। শনিবার রামপুরহাটে (Rampurhat) প্রয়াত নেতার বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের বক্তব্য, ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর প্রতি তাঁদের আস্থা রয়েছে এবং এই কঠিন সময়ে তাঁর উপস্থিতি পরিবারকে কিছুটা ভরসা জুগিয়েছে। আশিষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে যখন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার ও রাজনৈতিক মহল, তখন পরিবারের পাশে থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “ওনারা (আশিসের পরিবার) আমাকে বলেছেন, প্রশাসন, বিজেপির কেউ উত্তক্ত করেনি। এখানকার বিজেপির কর্মীরা আশিস বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করতেন। বউদি (আশিসের স্ত্রী)-কে আমি নম্বর দিয়ে এসেছি। দাদাকে তো ফিরিয়ে দিতে পারব না। পাশে থাকার দায়িত্ব পালন করব। আমি একটি প্রোগ্রামে ওঁনাকে একটা কালীঠাকুর দিয়েছিলাম। প্রত্যেকদিন সেই ঠাকুরকে পুজো করে বেরোতেন আশিসবাবু।” অন্যদিকে আশিষ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শতদল বলেন, “মুখ্যমন্ত্রী যে ভরসা ও আস্থা দিয়েছেন তাতে আমরা চিরকৃতজ্ঞ। প্রথম দিন থেকে উনি আমাদের খবর নিয়েছেন।”
১৬ অগাস্ট বীরভূমের রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে আশিষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা নোট উদ্ধার হওয়ার কথাও জানিয়েছে পুলিশ। সেই লেখায় দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের অবস্থান এবং বিভিন্ন অভিযোগকে ঘিরে তাঁর ক্ষোভ ও মানসিক যন্ত্রণার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে তাঁর মৃত্যুর নেপথ্যের সমস্ত প্রশ্নের উত্তর সামনে আসবে বলেই আশা করা হচ্ছে। এর মধ্যেই শনিবার তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন, এই কঠিন সময়ে প্রয়াত নেতার পরিবার একা নয়।
















