তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra) মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta Hight Court)। কয়েকদিন আগে নদিয়ার কালীগঞ্জে নিজের ওপর হওয়া হামলার ঘটনায় আইনি সুরক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন  মহুয়া(Mahua Moitra)। 

গত ১ জুলাই কালীগঞ্জের একটি দলীয় কার্যালয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। ফেসবুক লাইভ করে দেখান সেখানে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম, পোড়া বেগুন ও ইট ছোড়ে এবং ‘চোর-চোর’ স্লোগান দেয়। বেশ কিছু  অভিযোগ নিয়ে  হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া।তিনি আইনি সুরক্ষার আবেদন জানান।একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন।

 গত শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মহুয়ার তরফে একটি মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। তখন তিনি আদালতকে জানান, তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআরের বিষয়ে পুলিশ তৎপর। কিন্তু তিনি যে অভিযোগ করছেন সেগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। এই প্রেক্ষিতে কৃষ্ণনগরের সাংসদ আদালতের কাছে সুরক্ষা প্রার্থনা করেছিলেন। আদালত এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দেয়। 

মঙ্গলবার মহুয়ার আইনজীবী অয়ন ভট্টাচার্য জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন করেন। কিন্তু বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য, ‘‘এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে।’’ বিচারপতি এ-ও জানিয়ে দেন, মামলা দায়ের হোক। তার পর নির্দিষ্ট প্রক্রিয়া-পদ্ধতি মেনে শুনানি হবে।

এর আগে তৃণমূল সাংসদ অভিযোগ করেছিলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র এটাই। পুলিশ সব কিছু দেখছিল,কেন্দ্রীয় বাহিনী কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি। ভিড় সরাতেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি সদস্যেরা জড়ো হয়ে আমাদের ঘিরে ফেলেছিল। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়। ”