ক্যানসার আক্রান্ত রোগীদের মানসিক শক্তি জোগাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে অভিনব পদক্ষেপ করলেন ডুয়ার্সের এক পঞ্চায়েত প্রতিনিধি। চিকিৎসাধীন ক্যানসার আক্রান্তদের জন্য নিজের চুল দান করে মানবিকতার নজির গড়লেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যা বাড়লা। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সমাজসেবী মহল।
চিকিৎসকদের মতে, ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যাওয়া রোগীদের অন্যতম বড় মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই পরিস্থিতি মানিয়ে নেওয়া বেশ কঠিন হয়। সেই উপলব্ধি থেকেই নিজের চুল দান করার সিদ্ধান্ত নেন ওই তৃণমূল নেত্রী। বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার নিয়মাবলী মেনে মেটেলি বাজারের একটি পার্লারে গিয়ে চুল কাটার প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। সংগৃহীত সেই চুল প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি পরচুলা পৌঁছে দেওয়া হবে ক্যানসার রোগীদের কাছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, জনপ্রতিনিধিদের এমন সংবেদনশীল উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং সাধারণ মানুষকে এই ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
নিজের এই সিদ্ধান্ত প্রসঙ্গে বিদ্যা জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে থাকার আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁর এই পদক্ষেপ। তিনি বলেন, বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু কোনও মানুষের সাহায্যে এগিয়ে আসার মূল্য অপরিসীম। সেই উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে চুল বড় করে রেখেছিলেন এবং অবশেষে তা আর্তের কাজে লাগাতে পেরে তিনি আনন্দিত।
















