“চুরি করে বাংলা দখল করেছে বিজেপি। কিন্তু চিন্তা করবেন না, বাংলায় আরও একটা পরিবর্তন আসবে। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে।“ শুক্রবার, ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বার্তা দিলেন তৃণমূল (TMC)  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তীব্র আক্রমণ করে মমতা বলেন, “আর বিজেপির (BJP) লোকেরাই বিজেপিকে জবাব দেবে।“

বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “চুরি করে বাংলা দখল করেছে। ভগবান বলেও একটা জিনিস আছে। আমাকে নাকি বেরতে দেবে না বলেছিল, কী বড় বুকের পাটা দেখি। গায়ের জোরে সবকিছু চলে না। বাংলাজুড়ে এখন বিজেপির লুম্ফেনদের মাতামাতি। মানুষ এসব সহ্য করবে না।“ এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, “চুরি করে বাংলা দখল করেছে বিজেপি। কিন্তু চিন্তা করবেন না, বাংলায় আরও একটা পরিবর্তন আসবে। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে।“

বর্তমান শাসকদলের সংগঠন নিয়ে তীব্র করেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “বিজেপির সংগঠন নেই, গোটা বাংলাজুড়ে পুলিশকে দিয়ে কাজ করাচ্ছে। এবার আমি পুলিশের বিরুদ্ধে কেস করব। এই অত্যাচার হতে পারে না। রাখিবন্ধনের দিন প্রতিজ্ঞা করলাম।“ 

নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) আক্রমণ করেন মমতা। বলেন, “বাবু বেরিয়েছে বলে রাস্তা বন্ধ। ৪০টি গাড়ির কনভয়। আমার পাড়ায় সব রাস্তা বন্ধ করে দিয়ে পুলিশ দাঁড়িয়ে। বাবু কখন যাবেন, স্যালুট করতে হবে। বলি স্যালুট করতে হলে নবান্ন গিয়ে করুন। যদিও ওটা আমাদেরই তৈরি করে দেওয়া, রাইটার্সের কাজও আমাদের শুরু করা।“