রাখি বন্ধন উৎসব ঘিরে রক্তাক্ত শিক্ষাঙ্গন। বারসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে (WBSU) ধুন্ধুমার কাণ্ড। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মারধরের পাশাপাশি ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা কর্মীদের দিকে। জানা গিয়েছে, রাখি বন্ধন উৎসবের আয়োজন ও পক্ষপাতিত্বের অভিযোগকে কেন্দ্র করে টিএমসিপি (TMCP) ও এবিভিপি (ABVP) সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে অভিষেক পাল ও অরূপ বিশ্বাস নামে দুই ছাত্র জখম হয়ে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

যাদবপুরের ছাত্র সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার বারাসতে দুই ছাত্র ইউনিয়নের মধ্যে অশান্তি। এবিভিপির অভিযোগ, তাদের সংগঠনের ছাত্রকে রাখি বন্ধন উৎসবের বিষয়ে কথা বলার নাম করে ডেকে নিয়ে গিয়ে টিএমসিপি মারধর করে। পাল্টা তাঁরা হোস্টেলে গেলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এবং সেই সময়ে দুই ছাত্র জখম হন। এবিভিপির সদস্যরা বিনা প্ররোচনায় হোস্টেলে ঢুকে ভাঙচুর চালিয়েছে এবং কমপক্ষে ১০-১২ জন ছাত্র যখন হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়ন করা হয়। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।