পুজোর আগেই রাজ্যের রাস্তায় নামবে ৫০০টি নতুন সরকারি বাস। আগামী বছরের মার্চ মাসের মধ্যে আরও ১,০০০টি বাস পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জাতীয় ও রাজ্য সড়কে টোটোর চলাচল রুখতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সোমবার পরিবহণ ব্যবস্থা, পথ নিরাপত্তা এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। 

পরিবহণমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি বাসের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি দূর করতেই পর্যায়ক্রমে নতুন বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘পুজোর আগে ৫০০টি এবং আগামী মার্চের মধ্যে আরও ১,০০০টি সরকারি বাস রাস্তায় নামবে।’’ 

সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রোড সেফটির জন্য কোটি কোটি টাকা খরচ হলেও দুর্ঘটনার সংখ্যা আশানুরূপ কমছে না। তাঁর মতে, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সাধারণ মানুষের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। অভিভাবকদেরও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। 

হাইওয়েতে টোটো চলাচল নিয়ে কড়া অবস্থান নেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, অতীতে অনেক টোটো নিয়ম মেনে নথিভুক্ত হয়নি। তাই জাতীয় ও রাজ্য সড়কে টোটোর চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

সম্প্রতি বিটি রোডে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট গাড়ির ব্রেক বিকল হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

গুরুতর সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকের লাইসেন্স বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিলের মতো কঠোর পদক্ষেপের পক্ষেও মত দেন পরিবহণমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

সরকারি বাস নির্ধারিত স্টপেজে না দাঁড়ানোর অভিযোগ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সেগুলির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

পর্যটনকে উৎসাহ দিতে শীতকালে লন্ডনের আদলে ডবল ডেকার বাস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর দাবি, পর্যটন কেন্দ্রিক পরিষেবা হিসেবে এই বাস চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আরজি কর-কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবির প্রসঙ্গেও মন্তব্য করেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, পরিবারের দাবি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তাঁর কথায়, ‘‘অপেক্ষা করুন, নির্মল ঘোষকে গ্রেফতার করা হবে।’’