রাতের অন্ধকারে বাঁকুড়া আরামবাগ দু নম্বর রাজ্য সড়কে (Bankura-Arambagh State Highway No. 2) ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই জয়পুরে (Jaipur) দুটি মোটরবাইকে ধাক্কা মারে একটি চারচাকা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার যুবক। গুরুতর আহত আরও এক জন। শনিবার রাতে জয়পুর থানার সলদা মোড় সংলগ্ন (Adjacent to Salda More, Joypur Police Station) জায়গায় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন পল্লব সাঁতরা (২০), অনন্ত সাঁতরা (২০), উজ্জ্বল বায়েন (২৪)। বাপি রুইদাস এবং সৌরভ রুইদাস এই দুজনকে আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bishnupur Super Speciality Hospital) ভর্তি করা হয়। তারমধ্যে বাপি রুইদাস চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাতে দুটি বাইকে করে কয়েক জন যুবক জয়পুর থেকে বাড়ি ফিরছিলেন ওই রাস্তা দিয়ে। সেই সময় পিছন থেকে আসা একটি গাড়ি বাইকগুলিকে ধাক্কা দেয়। ফলে বাইক আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। গভীর রাত হওয়ায় ঘটনাস্থলের আশপাশে তখন তেমন লোকজন ছিলেন না। ফলে বেশ কিছুটা সময় পরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় কয়েকজন ছেলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ।
দুর্ঘটনাগ্রস্ত দুই বাইকের একটিতে তিন জন এবং অন্যটিতে দু’জন ছিলেন। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। মৃত পল্লবের বাড়ি জয়পুরের বৈতল গ্রামে। অনন্ত ও উজ্জ্বলের বাড়ি সুপুর মেটে পাড়ায়। বাপি রুইদাসের বাড়ি জয়পুর থানার রাউথখণ্ড এলাকার কাঞ্চনারি গ্রামে। দুর্ঘটনায় জড়িত গাড়িটির হদিস এখনও মেলেনি।
ঠিক কী কারণে এবং কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ধাক্কাটি পিছন থেকে এসেছিল কি না, গাড়িটির গতি কত ছিল এবং দুর্ঘটনার পর সেটি কোন পথে পালিয়েছে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। এদিকে চার যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে তাঁদের পরিবারে। হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা।
















