প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস। যার জেরে বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল। আকস্মিক এই বিপর্যয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। রেল সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই অচলাবস্থা স্বাভাবিক হতে আরও দু’-তিন দিন সময় লেগে যেতে পারে।

পূর্ব রেলের মালদহ ডিভিশন সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝামাঝি এলাকায় প্রবল বৃষ্টির কারণে রেললাইনে ধস নামে। মাটি সরে যাওয়ায় ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বিপজ্জনক হয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু করেন রেলের ইঞ্জিনিয়াররা। কিন্তু কাজ শেষ না হওয়ায় এবং বিকল্প পথে এত ট্রেনের চাপ সামলানো অসম্ভব হয়ে পড়ায় শেষ পর্যন্ত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। লাইন সুরক্ষিত না হওয়া পর্যন্ত ঝুঁকি নেওয়া সম্ভব নয়।

রেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতের জন্য একমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস নির্দিষ্ট সময় অর্থাৎ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ছেড়েছে। তবে সেটিকেও ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে ঘুরিয়ে নিউ ফরাক্কার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটি ছাড়া বৃহস্পতিবার রাতের বাকি সমস্ত উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে রাত সাড়ে ৮টার শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, রাত ১০টা ৫ মিনিটের শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, রাত ১০টা ১৫ মিনিটের শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল এবং রাত ১১টা ২০ মিনিটের শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। এ ছাড়া শুক্রবার ভোর ৬টা ৫০ মিনিটের শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাহিবগঞ্জ-মালদহ টাউন এবং মালদহ টাউন-সাহিবগঞ্জ মেমু ট্রেন দুটিও এ দিন চালানো সম্ভব হয়নি। হঠাৎ এতগুলি ট্রেন একসঙ্গে বাতিল হয়ে যাওয়ায় শিয়ালদহ স্টেশন চত্বরে ব্যাপক ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়। টিকিট বুকিং কাউন্টার ও অনুসন্ধান কেন্দ্রে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায়। বিকল্প কোনও ব্যবস্থা না পেয়ে দূরদূরান্তের বহু যাত্রী স্টেশনেই আটকে পড়েন। রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে।