ভরা শহরের প্রকাশ্য রাস্তায় ট্রাফিকের জটলার সুযোগ নিয়ে পুলিশের নজর এড়িয়ে চম্পট দিল দুই বন্দি। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ আলিপুরদুয়ার জেলা শহরের মহাকালধাম এলাকায় ঘটনাটি ঘটে। বাইক চুরির মামলায় ধৃত দুই অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই কর্তব্যরত পুলিশকর্মীদের কার্যত বোকা বানিয়ে ভিড়ের মধ্যে গা-ঢাকা দেয় তারা। দিনের আলোয় খাস জেলা সদরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ভীম মঙ্গর ও রাজ তির্কি। তাদের বাড়ি ভুটান সীমান্ত লাগোয়া কুমারগ্রাম ব্লকের সংকোশ চা-বাগান এলাকায়। গত ২ সেপ্টেম্বর আলিপুরদুয়ার চৌপথি সংলগ্ন এলাকা থেকে একটি মোটরবাইক চুরির ঘটনায় তাদের গ্রেফতার করেছিল পুলিশ। নিয়মমাফিক আলিপুরদুয়ার থানা থেকে অভিযুক্তদের শারীরিক পরীক্ষার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়।

হাসপাতালে যাওয়ার পথে মহাকালধামের কাছে তীব্র যানজটের মুখে পড়ে পুলিশের গাড়িটি। যানজটের কারণে গাড়ির গতি অত্যন্ত ধীর হয়ে যেতেই সুযোগ বুঝে পুলিশকর্মীদের অসাবধানতার ফায়দা তোলে ওই দুই অভিযুক্ত। চোখের পলকে গাড়ি থেকে নেমে তারা ব্যস্ত রাস্তার ভিড়ে মিশে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা তাদের পিছু নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে নাগালের বাইরে চলে যায় দু’জনই। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নাকা তল্লাশি শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পলাতকদের কোনও হদিশ মেলেনি। পুলিশ ভ্যানের মতো সুরক্ষিত বন্দোবস্ত থেকে দিনের ব্যস্ত সময়ে কীভাবে দুই অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, তা নিয়ে প্রশাসনিক মহলেও অস্বস্তি তৈরি হয়েছে। কর্তব্যে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।