একই দিনে দুটি আলাদা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়িতে (Siuri, Birbhum)। বৃহস্পতিবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতাল (Private hospital) থেকে এক তরুণী নার্সের ঝুলন্ত দেহ এবং অন্যদিকে ইন্দিরাপল্লির (Indirapalli) একটি বাড়ি থেকে এক স্কুলশিক্ষকের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। দুটি ঘটনাকেই কেন্দ্র করে শুরু হয়েছে পৃথক তদন্ত।
মৃত নার্স অনুশ্রী মালের (Anushree Mal) বয়স ২১ বছর। বুধবার রাতের শিফটে কাজ যোগ দেন তিনি। পরদিন সকালে হাসপাতালের একটি কেবিন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছায় এবং দেহটি ময়নাতদন্তের (Autopsy) জন্য পাঠায়। কী পরিস্থিতিতে এই মৃত্যু, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর হাসপাতালে পৌঁছে অনুশ্রীর বাবা অনুপকুমার মাল (Anup Kumar Mal) ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "ও কাল রাতে ডিউটিতে গিয়েছিল। আমি এ দিন সকালে পাঁচ-ছয়বার ফোন করেও পাইনি। পরে হাসপাতালে আসি। দু’ঘণ্টা ধরে দরজা ভাঙার চেষ্টা হয়েছে। এতটাই অব্যবস্থা এই হাসপাতালে। এখানে কে কাজ করতে আসবে?" পরিবারের অভিযোগ, ঘটনার আগে পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। তাঁদের দাবি, রাতের সিসিটিভি ফুটেজেও অনুশ্রীকে স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল।
অন্যদিকে একই দিনে সিউড়ির ইন্দিরাপল্লিতেও সামনে আসে আর একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। জেলার একটি স্কুলের রসায়নের শিক্ষক, যিনি একাই থাকতেন, তাঁর বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার হয়। কয়েক দিন ধরে স্কুলে না যাওয়া এবং বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা বাড়িতে ঢুকে দেহটি উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, দুই মৃতদেহই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri Super Speciality Hospital) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা পৃথকভাবে দুই ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছেন।
















