শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনে নয়া মোড়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতেরা সম্পর্কে দুই ভাই। ধৃতের নাম সাগর সোনকর এবং সাহেব সোনকর।উভয়েই বিজেপি কর্মী বলেই পরিচিত।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে গোলু সিংকে গ্রেফতার করা হয়।একই সময়ে রাজকুমার সিংয়ের বন্ধু জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুকেও গ্রেফতার করেছে সিবিআই।তাদের জিজ্ঞাসাবাদ করেই সোনকার ভাইদের সন্ধান পায় সিবিআই।
গোলুর বিরুদ্ধে অভিযোগ, চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহের পাশাপাশি সেই অস্ত্র ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গোলুর সক্রিয় ভূমিকা ছিল।মনুর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকি-সহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। স্থানীয় আদালত তাকে ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রের আরও দাবি, সাগরের ফোনের সিডিআর বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সাগরের সঙ্গে ভাড়াটে শুটারের যোগাযোগ ছিল। শুটারের টাকা পৌঁছে দেওয়ার দায়িত্বও সাগর নিয়েছিল। তবে সাগর, সাহেব কেন চন্দ্রনাথকে খুন করার পরিকল্পনা করেছিল তা এখনও স্পষ্ট নয়। কোথা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে সিবিআই এখনও কিছু জানায়নি।
















