বিশ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন উলুবেড়িয়ার এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার (Additional District Sub-Registrar of Uluberia)। সোমবার উলুবেড়িয়ার ওই দফতরে হানা দিয়ে ওই সরকারি কর্তাকে হাতেনাতে ধরে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (Anti-Corruption Branch)।
বেশ কিছুদিন থেকেই উলুবেড়িয়ার ওই দফতরে ঘুষ নেওয়ার অভিযোগ আসছিল। এক ব্যক্তি তাঁর কাজের জন্য দফতরে গেলে ঘুষ চান ওই আধিকারিক। সোমবার তিনি ঘুষের টাকা সহ আসবেন জানিয়ে দেন। যোগাযোগ করেন দুর্নীতি দমন শাখার সঙ্গে। এদিন সকালের দিকে তিনি বিশ হাজার টাকা ওই আধিকারিকের হাতে তুলে দেন। ধরা পরে যান দুর্নীতি দমন শাখার হাতে। উদ্ধার হয় বিশ হাজার টাকা। দিন কয়েক আগে এই হাওড়াতেই সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাড়ির কনস্টেবল শুভময় মণ্ডল প্রমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হন। সেখানেও সঠিক সময়ে পৌছে গিয়েছিল দুর্নীতি দমন শাখা, এবার উলুবেরিয়া।
উলুবেড়িয়ার ওই সাব রেজিস্ট্রারকে আটক করা হলেও রাত অবধি গ্রেফতারের খবর পাওয়া যায়নি। যেহেতু তিনি সরকারি আধিকারিক তাই সরকারি নিয়ম মেনেই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এলাকার মানুষের অভিযোগ এই দফতরে টাকা না দিলে কোন কাজই এগোত না। এখন দেখার বিষয় এই আধিকারিকের র্যাকেটের সঙ্গে আর কোন কোন সরকারি কর্মী জড়িত ছিলেন।
















