উত্তর ২৪ পরগনার অশোকনগরে একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে অশোকনগর থানার অন্তর্গত গুমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তাজপুর এলাকায় জলাশয়ের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি অশোকনগর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, জলাশয়ের জলে উল্টে পড়েছিল মহিলার দেহটি। তাঁদের অনুমান, মৃতার বয়স ৩০ বছরের আশপাশে। দেহটির অবস্থা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দিনকয়েক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে। অন্য দিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মহিলাকে অন্য কোথাও খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ওই নির্জন স্থানে এনে দেহ ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অশোকনগর থানার পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ মৃতার পরিচয় জানার চেষ্টা করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ এবং এই ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।