রামনবমীতে অশান্তির অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী সাকির আলিকে (Sakir Ali) গ্রেফতার করল এনআইএ (NIA)। মঙ্গলবার অপরূপার রিষড়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা হানা দিয়ে গ্রেফতার করা হয় রিষড়া পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সাকিরকে।
এদিন সকালে বাড়ি ঘিরে তল্লাশি অভিযানের পর সাকিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে পৌঁছয় রিষড়া থানার পুলিশও। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রিষড়া। ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল। পরে সেই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। এই মামলাতেই আজ সাকিরকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানতে চাইছেন, ওই ঘটনার নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্র বা উস্কানির ভূমিকা ছিল কি না। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করা হবে।
















