উল্টোরথের দিনেও রোদের দেখা নেই সকাল থেকেই, বিগত কয়েক দিন ধরেই বৃষ্টির বিরাম নেই বাংলা জুড়ে।কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে শুক্রবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্ত জুড়েই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভ্যাপসা গরম কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। 

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উল্টোরথের দিন-সহ চলতি সপ্তাহের শেষে বৃষ্টির খেলা চলবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও মেদিনীপুরের ওপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। অন্যদিকে, দুটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর তাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।

শুক্রবার দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি আছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ধসের আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি নদী ও জলাধারগুলির জলস্তরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।