নিম্নচাপ সরে গেলেও বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয়। ক্যালেন্ডারের পাতা বলছে বর্ষা পেরিয়ে শরৎ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে বর্ষা এখনও বিদায় নেয়নি।  ভাদ্রের শুরু থেকেই ভ্যাপসা গরমের দাপট।কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে  শনিবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

শনিবার সকাল থেকেই গরমের দাপট, সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার একাংশে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে কোনও কোনও এলাকায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 দক্ষিণবঙ্গের বাতাসে প্রচণ্ড আর্দ্রতা রয়েছে বাতাসে। যেই কারণে গরমের অস্বস্তি হচ্ছে। তবে এখনই আর্দ্রতা কমার সম্ভাবনা নেই। বৃষ্টি হলে সাময়িকভাবে একটু স্বস্তি লাগবে। তবে বৃষ্টি কমলেই আবার ভ্যাপসা গরম বজায় থাকবে। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সঙ্গে  ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গাতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। 

আগামী ২ দিন কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় তা শনিবার থেকেই চলবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।