রবিবার সকাল থেকেই রোদের তেজ বাড়ল,  বিগত কয়েক দিন ধরেই ব্যাপক বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে, তবে ছবির দিনে সকালে আপাতত বৃষ্টির হাত থেকে মুক্তি মিলল দক্ষিণবঙ্গ বাসীর।কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে রবিবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম।

 

কলকাতাবাসীদের জন্য আপতত স্বস্তির খবর।  ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মহানগরীতে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় আগামী দু’দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার।মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। 

নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।

 

উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে উত্তরের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির দাপট।