বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে ঝড়-বৃষ্টির তীব্রতা। মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে দুর্যোগ পরিস্থিতি, জানিয়ে দিল হাওয়া অফিস (Weather Department)। উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের কারণে শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আকাশ আংশিক মেঘলা, বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকছে। শনিবার থেকে মহানগরীতে বাড়বে দুর্যোগ। প্রায় ১০০ মিলিটার মতো বৃষ্টি হতে পারে! শুক্রবার বিকেলের পর থেকে বৃষ্টি তীব্রতা বাড়তে পারে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। রবিবার অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। উত্তরে আগামী সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।