নতুন মাস জুলাইয়ের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। একগুচ্ছ সরকারি ছুটি চলতি মাসেই। ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন তথা 'চিকিৎসক দিবস' উপলক্ষে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে হাফ-ডে ছুটি ছিল। এবার চলতি মাসের প্রথম সপ্তাতেই সরকারি কর্মীরা পেতে চলেছেন টানা তিন দিনের লম্বা ছুটি।
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৬ জুলাই রাজ্যে পূর্ণদিবস সরকারি ছুটি থাকবে। চলতি বছর ৬ জুলাই পড়েছে সোমবার। এর ফলে শনি-রবির পরেও সোমবারেও থাকছে ছুটি। টানা ছুটি থাকলেও হাসপাতাল, পুলিশ, দমকল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় জরুরি পরিষেবাগুলি স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। এছাড়া স্বশাসিত সংস্থা, আদালত বা কেন্দ্রীয় সরকারি দফতরের ক্ষেত্রে তাঁদের নিজস্ব নির্দেশিকা প্রযোজ্য হবে।
নবান্নের পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, জুলাই মাসে আরও বেশ কিছু ছুটি আছে:
৬ জুলাই (সোমবার): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন (রাজ্যজুড়ে পূর্ণদিবস ছুটি)।
১৩ জুলাই (সোমবার): কবি ভানু ভক্তের জন্মদিন (শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য)।
১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটি।
২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী বছরের আগামী মাসগুলিতে যে সমস্ত বড় ছুটিগুলি পড়ে রয়েছে, সেগুলি হল:
১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, মহালয়া পড়েছে ১০ অক্টোবর এবং দুর্গাপুজো (চতুর্থী থেকে ষষ্ঠী) ১৫ - ২৪ অক্টোবর ছুটি থাকবে। এছাড়াও ১১ নভেম্বর ভাইফোঁটা এবং বড়দিন ২৫ ডিসেম্বর। তবে চলতি মাসের শুরুতেই এই টানা ছুটির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি মহলে।
















