রাজ্যে শিল্প বিনিয়োগের ঢাক পিটিয়ে ডানকুনি-তে হোসিয়ারি ব্র্যান্ড লাক্স কোজি-র কারখানার সম্প্রসারণের পুরোটাই লোক দেখানো? নথি দেখিয়ে বিস্ফোরক প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর অভিযোগ, ”লাক্স কোজির (Lux Cozi) যে কারখানা হবে তার প্ল্যানটা কোথায়? অভিযোগ এসেছে এখনও প্ল্যানটাই হয়নি। শিল্প আনছি দেখতে গিয়ে প্ল্যানটাই (Plan) নেই? অনুমোদিত নকশা কোথায়?“

১১ জুলাই ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দাবি করেন, “বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে বাংলায় এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেনই।“ ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, অর্জুন সিং, শারদ্বত মুখোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্যরা।

শিল্পমন্ত্রী জানিয়েছিলেন ৬০০ কোটি টাকার এই বিপুল বিনিয়োগের হাত ধরে কারখানার বার্ষিক উৎপাদন ২০ কোটি থেকে এক লাফে বেড়ে দাঁড়াবে ৩৫ কোটি, প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকার রাজস্ব আদায় হবে। কিন্তু শুধু অনুষ্ঠান করেই ইতি? কারখানা কোথায়? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে জমির অনুমোদন নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুললেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল। তাঁর কথায়, “রাজ্যে আমরা শিল্প চাই।  মমতা বন্দ্যোপাধ্যায় সময়েও বাংলায় এসেছে মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প। বেশ কিছু শিল্প পাইলাইনেও আছে। এখনকার সরকার যে অনুষ্ঠান করছে সেটা আগের। কিন্তু এখানেই একটা বিষয় আছে। কিছুদিন আগে জুলাই মাসে লাক্স কোজির একটা অনুষ্ঠান হল বলা হল সেখানে নাকি নতুন কারখানা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ ও কর্মসংস্থান। সেটা যদি হয়ে থাকে, সেটা নিয়ে তো কেউ মাথা ঘামাচ্ছে না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ কর্তারা ছিলেন অনুষ্ঠানে। আমার এখানে প্রশ্ন হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর কোনও সমস্যা হচ্ছে না তো? লাক্স কোজির যে কারখানা হবে তার প্ল্যানটা কোথায়? অভিযোগ এসেছে এখনো প্ল্যানটাই হয়নি। শিল্প আনছি দেখতে গিয়ে প্ল্যানটাই নেই? অনুমোদিত নকশা কোথায়?“

এর পরে বোমা ফাটান কুণাল। তিনি জানান, “যে জমি দেখিয়ে নতুন কারখানার কথা জনগণকে বলা হল সেখানে তারা ওয়ার হাউস করার অনুমতি পেয়েছিল। চিঠি লিখেছিলেন ওয়ার হাউস করার কথা জানিয়ে। কারখানার নকশা নেই। তাহলে সেখানে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী কারখানা আনছি বলে মানুষকে ভুল বোঝালেন কেন? তারা কি সঠিভাবে খোঁজখবর নেননি? চিঠি দিয়ে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট হুগলির রিজিওনাল অফিস জানিয়েছে যেহেতু এটা ওয়ার হাউস হচ্ছে তাই কোনও সার্টিফিকেট প্রয়োজন নেই। লোকাল বডির অনুমতি থাকলেই হবে। এখানে ইন্ডাস্ট্রিয়াল কর্মকাণ্ড চলবে না।“ 

অনুমতিপত্র তুলে ধরে তৃণমূল বিধায়ক বলেন, “যে জমিতে 'no industrial activity is permitted without the permission of state board“ লেখা আছে তাহলে সেখানে কারখানা হবে কী করে? তাহলে অনুমতি নিতে হয়েছে? সেই নথি কোথায়? অনুমতির কাগজ কই? মুখ্যমন্ত্রী কী জানেন যে ওই জায়গায় তড়িঘড়ি করে শিল্প হচ্ছে দেখাতে গিয়ে যে জায়গা দেখানো হল সেটার কোন প্ল্যান নেই? পারমিশন যে পাওয়া গিয়েছে সেই নতুন কাগজ কোথায়? জমিতে যদি ভাল কারখানা হয় আমি অবশ্যই স্বাগত জানাবো। আগে থেকেই ওখানে কারখানা আছে। কিন্তু নতুন সরকার এসে দেখাতে চাইল নতুন আরেকটা কারখানা হচ্ছে। সূত্র বলছে প্রায় ১৫০ কোটি টাকা জমি বাবদ দেখানো হয়েছে। খরচ হয়েছে ১০- ২০ কোটি কিন্তু সবমিলিয়ে দেখানো হল ৬০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট। ওয়ার হাউস হলে সামান্য খরচ হতে পারে। তাহলে এই গল্প নিয়ে নতুন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী কী বিভাগীয় তদন্তের নির্দেশ দেবেন? অনুমোদিত প্ল্যান না থাকলে খোদ মুখ্যমন্ত্রী তেমন কোনও অনুষ্ঠানে কিভাবে যেতে পারেন?“ 

এরপরেই তৃণমূল মুখপাত্র বলেন, “ওখানে ওয়ার হাউস করার অনুমতি চাওয়া হয়েছে। ওখানে তো কোনও ইন্ডাস্ট্রি করার অনুমতি নেই। তবে কারখানার প্ল্যান অনুমোদন কারা করল? নতুন অনুমতি এসেছে? হতেই পারে অনুমতি পেয়েছেন আমরা সেটা পাইনি। তাই সেটা জানতে আমরা এই প্রশ্ন করেছি। সকলকে এর সদুত্তর দেওয়া গেলে ভাল হয়। কিন্তু 'শিল্প হচ্ছে শিল্প হচ্ছে' বলে শুধু অনুষ্ঠান হবে কিন্তু বাস্তবে দেখা যাবে শিল্প বহুদূর সেটা কখনই মানা যায়না। আমি অভিযোগ করছি না, প্রশ্ন তুলেছি, যে নথি আছে কিনা। কারণ একজন নতুন মুখ্যমন্ত্রী গিয়ে উদ্বোধন করে অনুষ্ঠান করছেন এদিকে প্ল্যান অনুমোদিত হয়নি সেটা মোটেই কাম্য নয়।''