আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan)। সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের এই উৎসবের মাধ্যমে প্রত্যেক মানুষের মধ্যে মানবিকতার বন্ধনকে আরও শূদ্র করতে এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে গ্রাম থেকে শহর সব স্তরে রাখি বন্ধন উৎসব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর কলকাতার পাইকারি থেকে খুচরো বাজারে নরেন্দ্র মোদি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি দেওয়া রাখি কার্যত উধাও। ট্রেন্ড ঘুরেছে পদ্ম ফুলের দিকে। তেরঙ্গা রাখির চাহিদাও তুঙ্গে।

বিগত কয়েক বছরের মধ্যে শহর তথা মফস্বলে রাখির ট্রেন্ড অনেকটাই পরিবর্তিত হয়েছে। আগের তুলনায় এখন অনেক সৃজনশীল এবং সরু রাখির বাহার বাজারজুড়ে। শিশুদের জন্য পছন্দের কার্টুন চরিত্রের পাশাপাশি এবার রাজনীতি আর জাতীয়তাবাদ মিলেমিশে একাকার দক্ষিণবঙ্গের একাধিক জেলার রাখির বাজারে। গত বছর বা তার আগের বছরেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নরেন্দ্র মোদির ছবি দেয়া রাখির চাহিদা ছিল, এ বছর সেসব কিছুই নেই। বরং পদ্ম ফুলের ছবি দেওয়া রাখি অনেক বেশি ট্রেন্ডিং। অনেকে আবার তেরঙ্গা রাখিও কিনতে আগ্রহ দেখাচ্ছেন। স্কুল থেকে সরকারি দফতর সর্বত্র এর চাহিদা রয়েছে। ১০ টাকা ১৫ টাকা থেকে শুরু করে ৪০-৫০ টাকা পর্যন্ত দাম দিয়ে তেরঙ্গা কিংবা পদ্ম ফুলের ছবি দেওয়া রাখি কিনছেন সাধারণ মানুষ।
















