অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না মেলায় শনিবার সকাল থেকেই উত্তপ্ত উদয়নারায়ণপুর (Udaynarayanpur)। দুই জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, সেপ্টেম্বর মাসেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সরকারি পোর্টালে আবেদনের অবস্থান ‘আন্ডার প্রসেসিং’ দেখালেও কবে টাকা মিলবে, সে বিষয়ে স্পষ্ট কোনও উত্তর মিলছে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলতে থাকে।
প্রথমে সকাল ৯টা নাগাদ লেবুতলায় রাস্তা আটকে দেন মহিলারা। কিছুক্ষণ পর ঝাউতলাতেও একই ভাবে শুরু হয় অবরোধ। দু’টি জায়গাতেই যান চলাচল ব্যাহত হয়ে তৈরি হয় যানজট। অবরোধ তুলতে পুলিশ গেলে তাঁদের ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা কোথায়, তা প্রশাসনের তরফে পরিষ্কার করে জানানো হচ্ছে না।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকেও তাঁরা বিষয়টি নিয়ে সন্তোষজনক উত্তর পাচ্ছেন না। টাকা না পাওয়ার কারণ জানতে গিয়ে সরকারি দফতরেও নির্দিষ্ট তথ্য মেলেনি বলে দাবি তাঁদের। দ্রুত প্রকল্পের টাকা দেওয়ার দাবিতেই এ দিন পথে নামতে হয়েছে বলে জানান মহিলারা।
শেষ পর্যন্ত উদয়নারায়ণপুর ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন। প্রায় তিন ঘণ্টা পর দু’টি জায়গা থেকেই অবরোধ তুলে নেওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না মিললে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে শুধু উদয়নারায়নপুর নয় রাজ্যের আরও অনেক জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।
















