বুধের সকালে রোদ ঝলমলে আকাশে মাঝে মধ্যেই মেঘের দেখা মিলছে। মঙ্গলবারের পর আজও দফায় দফায় বৃষ্টি (Rain) দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতায় ইতিমধ্যেই হলুদ সর্তকতা (Yellow Alert) জারি হয়েছে, বিকেলের পর বৃষ্টি বাড়বে মহানগরীতে। বৃহস্পতিবার রথের রশিতে টান পড়ার দিনেও বর্ষার ইনিংস চলবে বলেই মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। 

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া সকালের বুলেটিন অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের তিন সিস্টেম একসঙ্গে সক্রিয় থাকার ফলে বাংলায় বৃষ্টি কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে।আজ দুপুরের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে। ধস নামার আশঙ্কা থাকায় সতর্ক প্রশাসন। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রথের দিন মহানগরীর পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।