কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( (Abhishek Banerjee) অফিস ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। তৃণমূল কংগ্রেসের (TMC) পার্টি অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কলকাতা পুরসভা ও পুলিশকর্মীদের সঙ্গে অভিষেকের অফিসের কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশের জোর জবরদস্তিতে সিঁড়িতে পড়ে যান রাজ্যসভার সাংসদদের ও ব্রায়েন। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ করেছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই অবস্থায় নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিল কলকাতা পুলিশ।
ঘটনার সময় অভিষেক ফেসবুক লাইভ ভিডিও করে বলেন, কীভাবে বিজেপির নির্দেশে পুরসভা ও পুলিশ কাজ করছে। সূর্যাস্তের পর জোর করে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে বিলবোর্ড খুলে নেওয়া হয়। TMCP প্রতিষ্ঠা দিবসের আগের দিন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে মমতাপন্থী তৃণমূল।পুলিশের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বেআইনি হোর্ডিং অপসারণের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে লিখিতভাবে পুলিশি সহায়তার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পুর আধিকারিকদের নিরাপত্তা দিতে ঘটনাস্থলে পৌঁছায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। পুলিশ ও পুর প্রতিনিধিরা সেখানে যেতেই ওই অফিস চত্বরে প্রবেশে বাধা সৃষ্টি করা হয় এবং সরকারি নির্দেশ পালনে সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করা হয় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈশান্বর চট্টোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনদের বিরুদ্ধে অভিযোগ। ডিউটিতে থাকা এক মহিলা পুলিশ কর্মীকে মারধর করা ছাড়াও তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে গুরুতর অভিযোগ জমা পড়েছে বলে বিবৃতিতে জানিয়েছে কলকাতা পুলিশ। তিনটি পৃথক মামলার ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে।
















