বারুইপুরে ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ঘটনার রেশ এখনও কাটেনি, এরইমধ্যেই এবার সামনে এল আরও এক ন্যক্কারজনক যৌন নির্যাতনের অভিযোগ। একেবারে খাস কলকাতার লেকটাউনে।
মাত্র ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন মামার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে আরজি কর হাসপাতালে ভর্তি করলে, সেখানেই চিকিৎসকদের চোখে পড়ে যৌন নির্যাতনের লক্ষণ। খবর পেয়ে জিরো এফআইআর দায়ের করে লেকটাউন থানায় স্থানান্তরিত করে টালা থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পরই শিশুকন্যার অভিযুক্ত মামাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিধাননগর পুলিশ কমিশনারেটের দক্ষিণদাঁড়ি এলাকার বাসিন্দা ওই শিশুকন্যা বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যান। সেখানেই স্বাস্থ্যপরীক্ষার সময় যৌন নির্যাতনের চিহ্ন ধরা পড়ে। চিকিৎসকদের তরফে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের পুলিশ ফাঁড়িতে।
খবর পেয়ে টালা থানার পুলিশ একটি জিরো এফআইআর দায়ের করে, যাতে যুক্ত হয় পকসো ধারা। সেখান থেকে নথিপত্র পাঠানো হয় লেক টাউন থানায়। শিশুটি বর্তমানে আরজি কর হাসপাতালেই চিকিৎসাধীন। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালের রিপোর্ট হাতে এলে তদন্ত আরও এগোবে।
বারুইপুর থেকে লেক টাউন, মাত্র ২ মাসের বিজেপি-শাসনে ইতিমধ্যেই একডজন নারী-নির্যাতনের ঘটনা সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। কিন্তু নতুন সরকারের মধুচন্দ্রিমা পর্বে মহিলাদের উপর নির্যাতনের এমন অনেক ঘটনাই আছে, যা সামনে আসেনি। হয় সামাজিক কলঙ্কের আতঙ্কে নিগৃহীতারা পুলিশে অভিযোগ দায়েরে বিরত থেকেছেন, না-হয় বিজেপির পোষা মেইনস্ট্রিম মিডিয়া ইচ্ছাকৃতভাবে সেইসব ঘটনা ধামাচাপা দিয়েছে।
কিন্তু বারুইপুরের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়তেই একে একে সাহস করে পুলিশে অভিযোগ দায়ের করছেন নির্যাতিতারা। ১৯ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এমন মোট ২৮টি ধর্ষণ-গণধর্ষণ কিংবা অকথ্য মারধর ও অত্যাচারের ঘটনা সামনে আসছে। যার মধ্যে রয়েছে বেহালার সরশুনা, সোনারপুর, দুর্গাপুর, শান্তিনিকেতন, শান্তিপুর, আলিপুরদুয়ারের ফালাকাটা, পশ্চিম মেদিনীপুরের দাঁতন, অশোকনগর, হাবড়া, কোচবিহার, ভাতার, জঙ্গিপুর-সহ জেলায় জেলায় নারী-নির্যাতনের অভিযোগ।















