যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সম্পত্তি নষ্টের অভিযোগ অবশেষে পৌঁছল থানায়। যাদবপুর থানায় (Jadavpur Police Station) বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডবের অভিযোগ দায়ের হল ঘটনার ৩৭ ঘণ্টা পরে। এফআইআর দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (University Vice-Chancellor Chiranjib Bhattacharya)।
যাদবপুরে এসএফআই (SFI) এবং এবিভিপির (ABVP) সংঘর্ষের ৩৭ ঘণ্টা পর দায়ের হল এই অভিযোগ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দফায় দফায় একাধিক রাজনৈতিক সংগঠনের ছাত্রদের বিক্ষোভ, অবরোধ, মিছিল চলে। বুধবার রাতে অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা, আগুন লাগানোর ঘটনা ঘটে। এই নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। গতকাল ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
অভিযোগের ভিত্তিতে মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯১(২), ১৯০, ১১৭(২), ১০৯, ১৯৭(১)(ডি) ও ৩৫৩(১) ধারার পাশাপাশি অতি সংবেদনশীল এসসি/এসটি আইনের ৩(১)(আর)(এস) ধারা প্রয়োগ করা হয়েছে।
অশান্তির সময় পড়ুয়ারা পুলিশের সাহায্য চেয়েছিলেন, কিন্তু বারবার উপাচার্য বা রেজিস্ট্রারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের কাউকেই পাওয়া যায়নি, এমন অভিযোগ উঠে এসেছে।















