নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত কর্মসূচি থেকে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্থার অভিযোগে সোমবার সরব হলেন শহরের সংবাদমাধ্যমের কর্মীরা। গত শুক্রবারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন ধর্মতলায় একটি বিশাল মিছিল ও অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচি শেষে ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ধর্মতলায় মিছিল, রাজ্যপালকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত
Sponsored

সোমবার কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে সংবাদকর্মীদের প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের ব্যস্ততম ডোরিনা ক্রসিং পর্যন্ত পৌঁছে একটি অবস্থান-বিক্ষোভে রূপ নেয়। হাতে বিভিন্ন ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে ধর্মতলার মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন সাংবাদিকরা। এদিনের মিছিলে আক্রান্ত সাংবাদিকরা ঘটনার দিনের তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কর্মসূচিতে সংহতি জানাতে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে এসে যোগ দিয়েছিলেন নবতিপর প্রবীণ সাংবাদিক সন্তোষ দত্তও।
বিক্ষোভ কর্মসূচি শেষে আক্রান্ত সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হন। তবে রাজ্যপাল উপস্থিত না থাকায় এদিন স্মারকলিপি প্রদান করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাজ্যপালের উপস্থিতিতেই তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদী স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, নিট বিতর্ক ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজোড়া আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি এক মিছিলের আয়োজন করে। অভিযোগ, সেই মিছিল চলাকালীনই পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া একাধিক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি মহিলা সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, জল ছোড়া ও থুতু নিক্ষেপের মতো গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসাও নিতে হয়। সেই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদেই সোমবার রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন সাংবাদিকরা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













