ফুটপাথ জবরদখল মুক্ত করতে মহানগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রবিবার ল্যান্ডডাউন বাজারে সারপ্রাইজ ভিজিটে গিয়ে রাস্তা জুড়ে হকারদের জবরদখল দেখে বেজায় চটলেন তিনি। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকে সঙ্গে নিয়ে এদিন জানিয়ে দিলেন, শুধু ধর্মতলা নয় পার্কস্ট্রিটেও খালি করা হবে ফুটপাথ।
এদিন সাড়ে দশটা নাগাদ সেখানে পৌঁছে ফুটপাথে থাকা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। এরপরই তাঁর নজর পড়ে একটি ফলের দোকানে। তিনি দেখেন, গোটা রাস্তা জুড়ে দোকান ছড়িয়ে আছে। ব্যবসায়ীকে ডেকে জবরদখল নিয়ে কড়া কথা শোনান মন্ত্রী। সরকারি জায়গা খালি করার নির্দেশ দিয়ে ডেডলাইন বেঁধে দেন।ল্যান্সডাউনের একটি বাজারে সবজি বিক্রেতা বিরাট জায়গা নিয়ে পসরা সাজিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। অগ্নিমিত্রাকে দেখেই তিনি রীতিমতো থতমতো খেয়ে যান। মন্ত্রী বলেন, 'শুধু দোকান কেন খাট বিছানা নিয়ে চলে আসুন। রাস্তাটা কিন্তু সংসার পাতার জায়গা নয়।' পাশাপাশি কোন কাউন্সিলরকে টাকা খাইয়ে জায়গা দখল হয়েছে ব্যবসায়ীর কাছ থেকে তাঁর নামও জানতে চান মন্ত্রী। ধমক দেন মার্কেটের সুপারভাইজারকেও। ফুটপাতের পাশাপাশি রাস্তার পাশের অনেকটা করে জায়গা জবরদখল হয়ে যাওয়ায় আগামী দুদিনের মধ্যে রাস্তা খালি করার নির্দেশ দেন অগ্নিমিত্রা।
পরিবর্তনের বাংলায় ধর্মতলা দখলমুক্ত করার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ থেকেই অভিযান শুরু হওয়ার কথা। সেই প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন," পার্কস্ট্রিটে চৌরঙ্গী থেকে ৭ পয়েন্ট কানেক্টর পর্যন্ত আমরা দুপাশে কোনও হকার বসতে দেব না। হকারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা অন্য জায়গায় বসুন। পার্কস্ট্রিট হল কলকাতা জানালা, সেটা সুন্দর করে সাজাবো, লাইট লাগাবো, পেভমেন্ট করব। হকার থাকবে না।"















