ফের কলকাতায় (kolkata) ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ি (House Collapse)। শুক্রবার জন্মাষ্টমীর দিন দুপুরে উত্তর কলকাতার শোভাবাজার (Shobhabazar, North Kolkata) এলাকায় রাজা নবকৃষ্ণ স্ট্রিটে আচমকাই একটি পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। কলকাতা পুরসভার তরফে বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। এমনকি বাড়ির গায়ে বিপজ্জনক বাড়ির বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বাড়িটিতে কয়েকজন থাকতেন বলে দাবি স্থানীয়দের।

শুক্রবার দুপুর প্রায় ৩টে নাগাদ আচমকাই বাড়িটির একটি অংশ ভেঙে পড়ে। তবে কোনও হতাহত বা প্রাণহানির খবর মেলেনি। বাড়ির ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  বাড়ি ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কেউ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন কি না, তা খুঁজে দেখতে পুলিশ কুকুরও নামানো হয়েছে।
 
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গত কয়েকদিন ধরেই কলকাতায় ( Kolkata) লাগাতার বৃষ্টি হচ্ছে।  সেই বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়ে বাড়িটির একাংশ ভেঙে পড়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিনে কলকাতার বিভিন্ন এলাকায় একাধিক পুরনো ও বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। পুরসভার তরফে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে সতর্কতামূলক বোর্ড লাগানো হলেও, অনেক ক্ষেত্রেই সেই বাড়িতে বাসিন্দারা থাকেন। ফলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।