প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের (Alakananda Das) বাড়িতে এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনের হানা। শনিবার বেলার দিকে কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে যায় তদন্ত কমিশনের একটি বিশেষ দল। অলকানন্দার সম্পত্তির উৎস এবং দুর্নীতির সঙ্গে তার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

দিন কয়েক আগেই টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দুই সংস্থা 'হাকিম পলিমেকার' ও 'হাকিম কেমিল্যালস'-এর অফিসে যান কমিশনের আধিকারিকরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির আর্থিক যোগসূত্র রয়েছে কিনা তার তল্লাশি চালানো হয়। এবার অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনের আধিকারিকরা বেলেঘাটায় পৌঁছে গেলেন। অলকানন্দের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে। দুর্নীতির টাকায় সম্পত্তি কেনা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

রাজ্যে বিজেপির পালাবদলের পর পূর্বতন সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানীর দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি একটি নতুন তদন্ত কমিশন গঠন করে। নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি। তদন্ত দলে রয়েছেন অভিজ্ঞ পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। শিক্ষা ,খাদ্য, পুরসভা, ত্রাণ, নিয়োগ সংক্রান্ত অনিয়মের তদন্ত করার এক্তিয়ার দেওয়া হয়েছে এই প্যানেলকে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কাউন্সিলরদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার তদন্তকারী আধিকারীদের নজরে ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বিপুল সম্পত্তি। অলকানন্দার স্থাবর ও অস্থাবর সম্পত্তির নথি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর মিলেছে।