হাই কোর্ট (High Court এবং সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিলেও নতুন মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে—এই আশঙ্কায় ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। শুক্রবার তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharyya) এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান। তবে বিচারপতি সেই আর্জি খারিজ করে জানান, দ্রুত শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে।
সুমিতের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে নতুন করে আরও ৪ টি এফআইআর দায়ের হয়েছে। এর আগে দু’টি এফআইআর-এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক।
এদিকে, বৃহস্পতিবার জমি-দুর্নীতি মামলায় সুমিতকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই মামলায় সুমিতকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। আগামী ১৪ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি।















