আনন্দপুর থানা এলাকার এক বিলাসবহুল বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা ও ধারাল অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মন্টু কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আনন্দপুরের ওই আবাসনে রান্নার কাজ করতেন নির্যাতিতা। অভিযোগ, বহুতলের ভেতরেই তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত মন্টু। মহিলা বাধা দিলে এবং চিৎকার করার চেষ্টা করলে তাঁর ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় সে। এলোপাথাড়ি অস্ত্রের কোপে গুরুতর রক্তাক্ত হন ওই পরিচারিকা। মহিলার চিৎকার ও রক্তারক্তি কাণ্ডের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত।
ঘটনার খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শহর ছেড়ে পালানোর উদ্দেশ্যে দুর্গাপুরে গিয়ে পৌঁছয় অভিযুক্ত। সেখানে পঞ্জাব মেলে চেপে ভিন্ রাজ্যে গা ঢাকা দেওয়ার ছক কষেছিল সে। তবে শেষরক্ষা হয়নি। লালবাজারের গোয়েন্দা শাখা ও রেল পুলিশের (আরপিএফ) যৌথ অভিযানে ট্রেন থেকেই পাকড়াও করা হয় মন্টুকে। বিলাসবহুল আবাসনের এমন নারকীয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
















