পার্ক স্ট্রিটে (Park Street) ফুটপাত দখলমুক্ত করার অভিযান ঘিরে তৈরি হওয়া বিতর্কে এ বার মুখ খুললেন অভিনেতা অরিত্র দত্ত বণিক (Actor Aritra Dutta Banik)। এক ফুটপাতবাসী শিশুর জন্য দুধ গরম করছিলেন এক প্রৌঢ়া। সেই সময় পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Minister for Municipal and Urban Development Agnimitra Paul) সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিয়ো সামনে আসার পর থেকেই মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অগ্নিমিত্রার আচরণের তীব্র সমালোচনা করেছেন অরিত্র।

পোস্টে অরিত্র লেখেন, “লাথি মেরে গরীব ফুটপাথবাসীর বাচ্চার দুধের বাটি ফেলে দিলে শহরটা সুন্দর হবেনা, লাথি মেরে সমাজ থেকে দারিদ্র, অনাহার, বেকারত্ব, ও বৈষম্যকে তাড়ান, শহরটা তবেই সুন্দর হবে। ফুটপাথে কারও শোয়ার দরকার হবেনা।” ফুটপাত দখলমুক্ত করার নামে গরিব মানুষের প্রতি প্রশাসনের আচরণ নিয়েই আপত্তি তুলেছেন তিনি।

অরিত্রর বক্তব্য, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করার লক্ষ্য অবশ্যই থাকতে পারে, কিন্তু সেই প্রক্রিয়ায় অভাবের মধ্যে থাকা মানুষগুলির মানবিক প্রয়োজনকে উপেক্ষা করা যায় না। ফুটপাত থেকে মানুষকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। দারিদ্র, অনাহার, বেকারত্ব ও বৈষম্যের মতো সমস্যার মোকাবিলা করতে পারলেই এমন পরিস্থিতি তৈরি করা সম্ভব, যেখানে কোনও মানুষকে আর বাধ্য হয়ে ফুটপাতে দিন কাটাতে হবে না। মন্ত্রীর আচরণ নিয়ে বিতর্কের আবহে অরিত্রর এই পোস্ট তাই নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে।