নিউটাউনের স্বামীজি নগরে (Swamiji Nagar, Newtown) উদ্ধার হওয়া এক যুবকের বস্তা বন্দি অবস্থায় মুখ থেঁতলানো দেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার তদন্তে নেমেছে ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ। মৃতের পরিচয় সৌরভ বিশ্বাস (Sourav Biswas) হিসেবে জানা গেলেও তাঁর বাড়ি কোথায়, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। শরীরে একাধিক ট্যাটু থাকায় সেগুলিও তাঁর পরিচয় এবং গতিবিধি সম্পর্কে সূত্র দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ (CCTV Footage) তদন্তে নতুন দিশা দেখিয়েছে। ফুটেজে এক ব্যক্তিকে দেখা গিয়েছে, যিনি কাঁধে করে একটি দেহ নিয়ে এসে এলাকায় সেটি ফেলে চলে যান। সেই দেহটি সৌরভেরই কি না, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ফুটেজে ধরা পড়া ব্যক্তিকে শনাক্ত করতে শুরু হয়েছে তল্লাশি। তিনি কোথা থেকে এসেছিলেন এবং দেহটি কী ভাবে সেখানে পৌঁছল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, স্বামীজি নগরে সৌরভকে খুন করা হয়নি। অন্য কোনও জায়গায় তাঁকে খুন করে পরে দেহটি এখানে এনে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। দেহ উদ্ধারের সময় মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। তদন্তকারীদের অনুমান, মৃত্যুর ঘটনা দু তিন দিন আগের হতে পারে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড এবং এর পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দেহটি। খবর পেয়ে ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষার পর সৌরভকে মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট (Post-Mortem Report) এবং সিসিটিভি ফুটেজের সূত্র মিলিয়ে ঘটনার পুরো ছবি স্পষ্ট করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।