ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ( Bomb Threat)। আর তা ঘিরেই শোরগোল পড়ে যায় কলকাতা বিমানবন্দরে ( Dumdum Airport)। শুক্রবার কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর (Indigo)বিমানে বোমা রয়েছে বলে নোট পাওয়া যায় বিমানটির শৌচালয়ে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য কলকাতার দমদম বিমানবন্দরে।  

বিমানবন্দর সূত্রে খবর, টেক অফের ঠিক আগে বিমানের শৌচালয়ে একটি টিস্যুতে লেখা হুমকি-বার্তা নজরে আসে কেবিন ক্র । সেখানে বিমানের ভিতরে বোমা রাখা রয়েছে বলে লেখা ছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই কেবিন ক্র পাইলটকে জানান। এরপর পাইলটের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাকে খবর দেওয়া হয়।

খবর আসা মাত্রই বিমানে (Flight) থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানটিকে ঘিরে শুরু হয় তল্লাশি। সিআইএসএফের জওয়ান, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ দিয়ে বিমানের ভিতরে চিরুনি তল্লাশি চালানো হয়। যাত্রীদের লাগেজও পরীক্ষা করা হয় বলে খবর। ঘটনার জেরে নির্ধারিত সময়ে কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে উড়তে পারেনি ইন্ডিগোর বিমানটি। বিমানটি ঠিক কখন গোরক্ষপুরের উদ্দেশে রওনা হবে, তা এখনও স্পষ্ট নয়। হুমকি-বার্তাটি কী ভাবে বিমানের শৌচালয়ে পৌঁছল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সন্দেহভাজন এক যাত্রীকে আটক করা হয়েছে বলেও সূত্রের খবর।

কয়েক মাস আগেও কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর ( Indigo) একটি বিমানে একই ধরনের বোমাতঙ্ক ছড়িয়েছিল। উড়ানের আগে বিমানের শৌচালয়ে বোমা রাখার হুমকি দেওয়া একটি চিরকুট দেখতে পান বিমানকর্মীরা। খবর পেয়েই যাত্রীদের নামিয়ে বিমানটিকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়েছিল। সিআইএসএফ ও বম্ব স্কোয়াডের সদস্যরা স্নিফার ডগ নিয়ে বিমানে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের লাগেজও পরীক্ষা করেছিলেন। ফলে ফের কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্কের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।