যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP ও SFI-এর সংঘর্ষের প্রতিবাদে বৃহস্পতিবার দুই ছাত্র সংগঠনের পৃথক কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর। একদিকে ABVP-র মিছিল, অন্যদিকে SFI-এর কর্মসূচি। SFI-এর জমায়েতকে কেন্দ্র করে ৮বি বাসস্ট্যান্ড চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
SFI-এর মিছিল ৮বি-র দিকে এগোতেই পুলিশের ব্যারিকেড ঘিরে উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। সেই সময় দেবাঞ্জন, দীপ্সিতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বচসা শুরু হয়। অবস্থান বিক্ষোভ শুরু করেছে SFI-সহ বাম ছাত্র সংগঠনের।
বাম ছাত্র সংগঠনের অভিযোগ, ABVP-র কর্মীদের মিছিল নিয়ে এগিয়ে যেতে পুলিশ বাধা দিচ্ছে না। অথচ তাঁদের কর্মসূচির ক্ষেত্রে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দিচ্ছে। এই অভিযোগেই তাঁরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
অন্যদিকে, যাদবপুর থানার (Jadavpur Police Station) সামনে ABVP-র মিছিল ঘিরেও উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গেটের কাছে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। সেখানে পুলিশের সঙ্গে তাঁদেরও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিক্ষোভস্থল থেকে ডিম ও বোতল ছোড়ার ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।















