কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতাল গলব্লাডার স্টোনের বদলে অ্যাপেনডিক্স অপারেশন করে দিয়েছিল ১০০ দিনের কর্মী গোপাল পোড়েলের। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে বেসরকারি হাসপাতালে তাঁর পুনরায় অস্ত্রোপচার হয়েছে সোমবার। বুধবার গোপাল পোড়েলের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোপালের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। জানান, মুখ্যমন্ত্রীর দফতরের তরফে তাঁকে আর্থিক সাহায্য করা হবে। বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।
এনআরএস-কাণ্ডে অপারেশন বিভ্রাটের পর ঘটনাটি সামনে আনেন কুণাল ঘোষ। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ফোন করেছিলেন। ঘটনাক্রম জেনে তিনি ইতিমধ্যেই NRS হাসপাতালে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অ্যাপেনডিক্স অপারেশন জরুরি ছিল কিনা, কেন গল ব্লাডারের স্টোন বার করা হয়নি, অনুসন্ধান শুরু হয়েছে। তিনি এমনও জানান যে, রোগী চাইলে SSKM-এ অপারেশন করানো যেতে পারে। এরপর নিজে উদ্যোগ নিয়ে কুণাল রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন। যেহেতু বেসরকারি হাসপাতালে টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে তাই স্থানবদল আর করা হয়নি। বিধায়ক হিসেবে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান উদ্যোগের জন্য।
ওই রোগী গোপাল পোড়েল বেলেঘাটা কেন্দ্রের ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এনআরএসে ওই কাণ্ডের পর জটিল অবস্থায় নিজে দেখা করে কুণাল ঘোষকে বিশদে জানান। ১০০ দিনের কাজ করেন। বিপদে পড়েছেন। বিধাননগরে আনন্দলোক হাসপাতালে ভর্তি হন তারপর। গল ব্লাডারে স্টোন বার করার অপারেশনের পর দেখতে যান তিনি। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়ার। মুখ্যমন্ত্রী সেই অনুরোধ রেখেছেন। জানিয়েছেন আর্থিক সহায়তা প্রদানের কথা। স্বাস্থ্যমন্ত্রীও তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য চেয়ে অনুরোধপত্র নবান্নে পাঠানোর পর অনুমোদন মিলেছে।
গোপালকে দেখে এসে কুণাল বলেন, গোপাল সেরে উঠুন। সরকারি হাসপাতালে চাপ খুব জানি, তবু চিকিৎসকরা সতর্ক থাকুন। এই আর্জি। এদিকে গোপাল পোড়েলের গল ব্লাডারে স্টোন সমস্যার অপারেশন ঠিকঠাক হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। স্টোন বেরিয়েছে। বিধাননগরের আনন্দলোক হাসপাতালে আছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
















