ক্যামাক স্ট্রিটে (Camac Street) তৃণমূলের কার্যালয়, খালি করার নির্দেশে ফের আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের কার্যালয় খালি করার নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল আদালত। ফলে আপাতত ওই কার্যালয় ছেড়ে দিতে হচ্ছে না তৃণমূলকে। বিচারপতি কৃষ্ণ রাও (Justice Krishna Rao) দমকল কর্তৃপক্ষকে ৪ সেপ্টেম্বর দেওয়া চিঠি কার্যকর করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। শুক্রবার তৃণমূল আবেদন শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত। ১৬ সেপ্টেম্বর এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি।
কার্যালয়টি নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তৃণমূলের আইনি টানাপোড়েন চলছে। তৃণমূলের তরফে আদালতে জানানো হয়েছে, ২৫ অগাস্ট লিজ বাতিল করার পর দেওয়ানি মামলা করা হয়। সেই মামলায় সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে। এর মধ্যেই অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ত্রুটির অভিযোগ তুলে দমকল দফতর থেকে জায়গাটি খালি করার নির্দেশ আসে। সেই নির্দেশ ঘিরেই ফের আদালতের দ্বারস্থ হয় তৃণমূল।
শুনানিতে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত (Trinamool lawyer Kishore Datta) দাবি করেন, দমকলের পরিদর্শনে ছাদে বেআইনি নির্মাণ এবং ৭ তলায় কয়েকটি গ্যাস সিলিন্ডারের উপস্থিতির কথা উঠে এসেছিল। পরে সিলিন্ডারগুলি সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, চিহ্নিত ত্রুটিগুলি সংশোধনের দায়িত্ব বাড়ির মালিকের। একই সঙ্গে প্রশ্ন ওঠে, ভবন নিয়ে অগ্নিনিরাপত্তার সমস্যা থাকলে নির্দিষ্ট দু’টি তলাকেই কেন খালি করার নির্দেশ দেওয়া হল।
মালিকপক্ষের আইনজীবী সৌম্য মজুমদার (Lawyer Soumya Majumdar) আদালতে জানান, তৃণমূলের সঙ্গে করা লিজ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। অন্যদিকে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, দমকলের সিদ্ধান্ত প্রশাসনিক সিদ্ধান্ত এবং তার জন্য আলাদা ব্যাখ্যার প্রয়োজন নেই। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত দফতর খালি করার নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখে। ফলে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ক্যামাক স্ট্রিটের ওই দফতর ব্যবহার নিয়ে আপাতত কোনও তাৎক্ষণিক আইনি বাধা থাকছে না।















