পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতে সুজিত বসুর হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, তদন্ত শেষ হয়ে গিয়েছে। এরপরও সুজিত বসুকে জেলে আটকে রাখা অনৈতিক। ইডি তাঁকে এই মামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দাবি করলেও ২০২৪-২৫ সালে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে তাঁর নাম ছিল না বলে আদালতে উল্লেখ করেন তিনি।

সিঙ্ঘির বক্তব্য, সুজিত বসুর বাড়ি কলকাতায়। তদন্তের প্রয়োজনে তাঁকে যখনই ডাকা হবে, তিনি হাজির হবেন। তাই তাঁর জামিন মঞ্জুর করা উচিত। অন্যদিকে, ইডির অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় ৩৪০ জন প্রার্থীর বেআইনি নিয়োগের জন্য সুজিত বসু সুপারিশ করেছিলেন। তদন্তকারী সংস্থার দাবি, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে তাঁদের মধ্যে ২৮৪ জন চাকরি পান। তদন্তে সুজিত বসুর অ্যাকাউন্টে ৮ কোটি ৮০ লক্ষ টাকা এবং তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে আরও কোটি কোটি টাকার হদিশ মিলেছে বলেও দাবি করেছে ইডি।

এর আগে জামিনের শুনানিতে হাইকোর্ট ইডির কাছে জানতে চেয়েছিল, হেফাজতে রেখে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের আর কী প্রয়োজন রয়েছে এবং তাতে নতুন কী তথ্য পাওয়া যেতে পারে। এদিন শুনানি শেষ হলেও জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি বিচারপতি। রায়দান স্থগিত রাখা হয়েছে।