নিউটাউনের (New Town) এক বহুতলে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ এবং সোনা উদ্ধার করল বিধাননগর সাইবার ক্রাইম শাখা (Cyber Crime Department, Bidhannagar), গোয়েন্দা বিভাগ এবং টেকনো সিটি থানার পুলিশ। সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া তল্লাশিতে একটি গেস্ট হাউস থেকে প্রায় কয়েক কোটি টাকার সন্ধান মিলেছে। হাওয়ালা (Hawala) কারবার কিংবা জামতাড়া মডেলের কোনও বড়সড় আন্তর্জাতিক প্রতারণা চক্র এর পিছনে রয়েছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে এক ব্যক্তি প্রতারণার অভিযোগ করেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। ডিজিটাল ফুটপ্রিন্ট ও মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডের দুই ব্যক্তি নিউটাউনের ২০ নম্বর জলের ট্যাঙ্কের কাছে একটি গেস্ট হাউসে প্রতারণা চক্র চালাচ্ছে। সোমবার দুপুরে আচমকা সেখানে হানা দেয় পুলিশ। নগদের পাশাপাশি বিপুল পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে। মধ্যরাতেই ঘটনাস্থলে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়। ঠিক কত টাকা উদ্ধার হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। কে বা কারা এর পেছনে রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর থানার পুলিশ (Bidhannagar Police)।















