সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তি ও উত্তেজনার পরিস্থিতির প্রেক্ষিতে আগেই দায়ের হয়েছে এফআইআর, এবার এই মামলায় দ্বিতীয়বার হাজিরা দিতে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brayen)। বেলা বারোটা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

গত ২৭ অগাস্ট সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়।পুরসভা কর্মী থেকে শুরু করে মহিলা পুলিশ আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর এবং মহিলা পুলিশ কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগে শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর (FIR) দায়ের করা হয়, যার মধ্যে একটিতে জামিন অযোগ্য ধারা দেওয়া হয় অভিষেকের বিরুদ্ধে। FIR হয় ডেরেক থেকে শুরু করে সুমিত রায়,বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীরদের বিরুদ্ধে। এই মামলায় এর আগে নোটিশ পাঠানো হলেও ডেরেক ও'ব্রায়েন প্রথমবারে হাজিরা এড়িয়ে সময় চেয়েছিলেন। পরবর্তীতে কলকাতা পুলিশ নতুন নোটিশ পাঠালে তিনি শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হন। আজ ফের তাঁকে তলব করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই থানায় পৌঁছে যান তৃণমূল সাংসদ।

রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে এই ঘটনায় বারবার বিজেপির (BJP) প্রতিহিংসামূলক রাজনীতির দিকে আঙুল তোলা হয়েছে। বিলবোর্ড কাণ্ডে হাইকোর্ট হস্তক্ষেপ না কড়াই সুপ্রিম দ্বারস্থ হয়েছে তৃণমূল। পাশাপাশি ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয় খালি করার জন্য দমকলের দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে গেছে মমতাপন্থী তৃণমূল ( TMC)।