সোমবার ভোরে উত্তর দমদমে গ্যাংওয়ার।দু পক্ষের গোলাগুলিতে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত(Raja Dutta)। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় এলাকার ঘটনা। এই ঘটনায় রাজার ২ সঙ্গী গুরুতর জখম হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, রাজা তাঁর সঙ্গীদের নিয়ে সোমবার ভোরে মোটরবাইকে চেপে এসেছিল।আরেকটি দুষ্কৃতী দলের বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছয়। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাজার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে গুলি করা হয়।এরপর রাজার কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় অপরপক্ষ। ওই বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে জখম হন রাজা-সহ বেশ কয়েকজন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা।
রাজার খুনে অভিযোগের তির সুমন নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সূত্রের খবর, সুমনের সঙ্গে পুরোনো শত্রুতা ছিল রাজার।সোমবার ভোরে উত্তর দমদম পুরসভা অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় একটি গ্যারাজের ধারে রাজার দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাজাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরজি কর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা রাজাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত রাজা। রাজার বাকি ২ আহত সঙ্গীর অবস্থাও সংকটজনক।
কেন এই ঘটনা, এখনও স্পষ্ট নয়। তার জন্য এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকা দখল নিয়েও অশান্তির জেরে খুন বলেও প্রাথমিক ধারনা পুলিশের।ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) শামীর আহমেদ।















