এক সময় রাজ্য নির্বাচন কমিশনের সচিব হিসেবে ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক প্রক্রিয়ার দায়িত্ব সামলেছেন তিনি। অথচ আজ সেই প্রাক্তন সচিব ওসমান গনিই নিজের নাম খুঁজে পাচ্ছেন না ভোটার তালিকায়। দুর্গাপুজোর পর কলকাতা ও হাওড়া পুরসভার সম্ভাব্য নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।
ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন নির্বাচন কমিশন সচিবের? চারমাসেও মেলেনি শুনানির সুযোগ
Sponsored

পার্ক সার্কাসের (Park Circus) বাসিন্দা ওসমান গনি (Osman Gani) ১৬১ নম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার। তাঁর দাবি, ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিটি ভোটার তালিকায় তাঁর নাম ছিল। বর্তমানে স্ত্রী ও কন্যার নাম থাকলেও বাদ পড়েছে শুধু তাঁর নিজের নাম। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (Special Intensive Revision) পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন' বিভাগে চলে যায়।
ওসমান গনির অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া, অনলাইন আবেদন এবং আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (The Survey Building in Alipore) লিখিত আবেদন সবই করেছেন। কিন্তু গত চার মাসে তাঁকে একবারও শুনানির জন্য ডাকা হয়নি। কমিশনের তরফেও কোনও যোগাযোগ করা হয়নি। প্রতিদিন কমিশনের ওয়েবসাইটে আবেদনের অগ্রগতি দেখলেও এখনও পর্যন্ত আবেদন 'পেন্ডিং' অবস্থাতেই রয়েছে।
প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক ওসমান গনি (Former WBCS officer Osman Gani) শুধু রাজ্য নির্বাচন কমিশনের সচিবই ছিলেন না, জাতীয় নির্বাচন কমিশনের মনোনীত নির্বাচন পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজস্থানে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।
তিনি জানান, অ্যাপয়েন্টমেন্ট লেটার, পেনশন পেমেন্ট অর্ডার (PPO), পাসপোর্টসহ কমিশনের নির্ধারিত সমস্ত নথি নিয়ে আপিল ট্রাইব্যুনালে আবেদন করবেন। তবে তাঁর প্রশ্ন, শুনানিই যদি শুরু না হয়, তাহলে ভোটার তালিকায় নাম ফিরবে কীভাবে?
প্রসঙ্গত, স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পর বাদ পড়া প্রায় ২৭ লক্ষ ভোটারের আবেদন এখনও আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কতজনের আবেদন নিষ্পত্তি হয়েছে বা কতজনের নাম পুনর্বহাল হয়েছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কোনও পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
এই সংশোধিত ভোটার তালিকার ভিত্তিতেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হয়েছে এবং একই তালিকা ধরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হওয়ার কথা। ফলে পুরভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ওসমান গনির উৎকণ্ঠা। এক সময় যিনি নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, আজ তিনিই নিজের ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায়। এখন দেখার, ভোটের আগে তাঁর নাম আদৌ ভোটার তালিকায় ফিরে আসে কি না।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













