বারুইপুরে নাবালিকাকে অপহরণ-খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য ঠিক তখনই সেই একই জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থেকে অপহৃত নাবালক ও তাঁর বাবাকে উদ্ধার করা হল দেশপ্রিয় পার্কের বিজেপির পার্টি অফিস (BJP Party office in Deshopriya Park) থেকে। পরিবারের দাবি রবিবার অপহরণের ঘটনার পর মুক্তিপণের দাবিতে ফোন আসে। এরপর পুলিশের তল্লাশিতে মনোহরপুকুর রোডের বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার করা হল দু’জনকে। অপহরণকারীরা কেন পদ্মদলের পার্টি অফিসকে বেছে নিল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বারুইপুর কান্ডে দেখা গেছে অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন বিজেপি নেতা, আবার নরেন্দ্রপুরের ঘটনায় অপহৃত বাবা-ছেলেকে উদ্ধার করা হল ভারতীয় জনতা পার্টির অফিস থেকে। বারবার এই ধরনের অপরাধমূলক ঘটনায় বিজেপির নাম জড়িয়ে যাওয়ায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশাসনকে। দেশপ্রিয় পার্ক থেকে নাবালক ও তাঁর বাবাকে উদ্ধারের কথা প্রকাশে আসতেই রাজ্যের শাসকদলের দাবি, নির্বাচনের সময় নাকি গুদাম হিসেবে ব্যবহার করা হতো ওই কার্যালয়। সেখানে পতাকা, চেয়ার রাখা হয়েছে। কী ভাবে দু’জনকে রাখা হল সেখানে, এই বিষয়ে তারা কিছু জানেন না। ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হতে পারে বলে দাবি স্থানীয় বিজেপি কর্মী অর্ণব ঘোষের (Arnab Ghosh)। অপহরণকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।